15 Dec 2022

বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ: নেট-মিটারিং ও নেট-বিলিং-এর পার্থক্য ও বিধি

পশ্চিমবঙ্গে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ ব্যবস্থা

পশ্চিমবঙ্গে সৌর বিদ্যুৎ সহ অন্য অপ্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রণ করা হয় ওয়েস্টবেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের রেগুলেশন অনুযায়ী। সংশ্লিষ্ট মূল রেগুলেশন প্রকাশিত হয়েছিল ২২ শে মার্চ ২০১৩। গত ২২ শে ডিসেম্বর ২০২০ তে মূল রেগুলেশনের কিছু সংশোধনী প্রকাশ করা হয়।

রেগুলেশন

কেন্দ্রীয় সরকারের বিদ্যুতের মূল্য সংক্রান্ত নীতির সাথে সঙ্গতি রেখেই মূল ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (কো-জেনারেশন অ্যান্ড জেনারেশন অফ ইলেক্ট্রিসিটি ফর্ম রিনিউবেল সোর্সেস অফ এনার্জি) রেগুলেশনস, ২০১৩’-এর সংশোধনী ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (কো-জেনারেশন অ্যান্ড জেনারেশন অফ ইলেক্ট্রিসিটি ফর্ম রিনিউবেল সোর্সেস অফ এনার্জি) (ফাস্ট অ্যামেন্ডমেন্ট) রেগুশনস, ২০২০’ প্রকাশ করা হয়।

এই লেখায় বাড়ির ছাদে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সংস্থাপন সংক্রান্ত কিছু গুরুত্বপুর্ণ বিষয় তুলে ধরা হল।

কারা বাড়ির ছাদে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সংস্থাপন করতে পারবেন?

রাজ্যের যে কোনও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কনজিউমার তাঁর ব্যবহার্য্য বিদ্যুতের পুরোটা বা আংশিক প্রয়োজন মেটাতে তাঁর বাড়ির ছাদে বা অন্য কোনও সুবিধাজনক স্ট্রাকচারে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সংস্থাপন করতে পারবেন।

আপাতত দুটি মেকানিজমের ভিত্তিতে এই সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গ্রিডের সাথে সংযুক্ত করা যাবে। প্রথমটি হল, নেট-মিটারিং ব্যবস্থা এবং দ্বিতীয়টি নেট-বিলিং ব্যবস্থা। গ্রাহক তাঁর বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সাথে নেট-মিটারিং অথবা নেট-বিলিং ব্যবস্থার ভিত্তিতে চুক্তিবদ্ধ হবেন কিনা তা নির্ভর করবে সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ক্ষমতার উপর। ক্ষমতা মানে যতগুলি সৌর মডিউল ব্যবহার করা হবে তার মোট ক্ষমতা। তবে সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ক্ষমতা কোনও ভাবেই বিদ্যুৎ গ্রাহকের জন্য অনুমোদিত লোড এবং চুক্তিবদ্ধ চাহিদার বেশি হবে না।

যেসব বিদ্যুৎ গ্রাহকদের অনুমোদিত লোড অথবা চুক্তিবদ্ধ চাহিদার পরিমাণ ৫ কিলোওয়াট তাঁদের সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নেট মিটারিং ব্যবস্থার ভিত্তিতে হবে। তবে চাষের সাথে যুক্ত বিদ্যুৎ গ্রাহকদের জন্য নেট মিটারিং ব্যবস্থার সুযোগ দেওয়া হয়েছে।

নেট মিটারিং ব্যবস্থা

এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ গ্রাহক তাঁর সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহারের পরেও যদি কিছু বাড়তি হয়ে থাকে তা এক্সপোর্ট করার সুযোগ পায়। কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে (বিলিং সাইকেল) যে পরিমাণ বিদ্যুৎ ইমপোর্ট করা হয়েছে তা থেকে এক্সপোর্ট করা বিদ্যুতের পরিমাণ বাদ দিয়ে নেট যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়েছে তার উপর বিলিং হয়। এই ব্যবস্থায় দুটি সুবিধা:

  • বিদ্যুৎ ব্যাঙ্কিং।
  • যে দরে গ্রাহক বিদ্যুৎ কিনছেন, সেই দরেই সরবরাহকারী সংস্থা থেকে সৌর বিদ্যুৎ বিক্রির দর পাচ্ছেন।

যতদিন সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা কার্যকরী থাকবে ততদিন বিদ্যুতের দাম বাড়লেও গ্রাহক সেই বর্ধিত দরের সুবিধা লাভ করতে পারেন।

নেট-বিলিং ব্যবস্থা

এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ গ্রাহক তাঁর সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহারের কোনও সুযোগ পায় না। পুরো বিদ্যুৎই পূর্ব নির্ধারিত দরে সরবরাহকারী সংস্থা কিনে নেয়। সরবরাহকারী সংস্থা যে মিটারের মাধ্যমে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে, সেই মিটারের পাশে সরবরাহের দিকে আরেকটি মিটারের মাধ্যমে পুরো বিদ্যুৎই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে কিনে নেয়। কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে (বিলিং সাইকেল) গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ খরচা করেছে, প্রযোজ্য ট্যারিফে তার মূল্য থেকে সরবরাহকারী সংস্থাকে বিক্রিত বিদ্যুতের মূল্য বাদ দিয়ে বিলিং করা হয়।

কৃষিতে সৌর শক্তি

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের রেগুলেশন -৭১-এর ২০২০ সালের সংশোধনীতে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারে বড় সুযোগ দিয়েছে। এই সংশোধনীতে কৃষিতে সৌর শক্তি চালিত পাম্প চালাতে সব বিদ্যুৎ গ্রাহকরাই (কন্ট্রাক্ট ডিমান্ড পর্যন্ত) নেট মিটারিং সুবিধা নিতে পারে।

২০২০ সংশোধনীর মাধ্যমে কৃষিখাতে মূল পরিবর্তনগুলো:

যোগ্য গ্রাহক: সব কৃষি গ্রাহকই গ্রিড-সংযুক্ত সোলার সিস্টেম বসিয়ে নেট মিটারিং সুবিধা নিতে পারবেন। 

নেট মিটারিং বনাম নেট বিলিং: আগে ৫ কিলোওয়াট পর্যন্ত গ্রাহকরাই (কৃষি বাদে) নেট মিটারিং পেতেন; ৫ কিলোওয়াটের বেশি হলে নেট বিলিং প্রযোজ্য হতো। কৃষি গ্রাহকদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হল। 

কৃষকদের লাভ: কৃষকরা নিজেদের পুরো বিদ্যুৎ চাহিদা সোলার দিয়ে অফসেট করতে পারেন এবং উদ্বৃত্ত বিদ্যুতের জন্য খুচরা হারে বিদ্যুৎ সরবরহকারী সংস্থাকে এক্সপোর্ট করে ক্রেডিট পাবেন ফলে বড় কৃষি লোডেও সোলার আর্থিকভাবে আরও লাভজনক হবে।


পড়ুন: ২১শে ডিসেম্বর: আপনার সোলার প্যানেল বসানোর জায়গাটি কি ছায়ামুক্ত? জেনে নিন উপায়

লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। বিজ্ঞানের আরও রোমাঞ্চকর তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন GoSolarBangla-তে। আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সেও জানাতে পারেন!

No comments:

Post a Comment

Featured post

২০২৫ সালে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি: সৌর ও বায়ুশক্তিতে রেকর্ড উৎপাদন

২০২৫ সালে ভারতের রিনিউএবল এনার্জি সেক্টর আর শুধু “অলটারনেটিভ” নয়; এখন সেটা দেশের পাওয়ার সাপ্লাই সিস্টেম-এর অন্যতম অংশীদার। সোলার, উইন্ড, ব...

পপুলার পোস্ট